© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

শেয়ার করুন:
ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও বাড়তির দিকে নিত্যপণ্যের দাম। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের বাজারে দাম বেড়েছে চোখে পড়ার মতো। তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে সবজির বাজারে। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ফলে অনেকেই আগেভাগেই বাজার করছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মুরগির চাহিদা। আর সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি—সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৭০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ঈদের আগে সাধারণত মুরগির চাহিদা বাড়ে। তবে এবার সেই চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম। রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা জসিম বলেন, ছোট ছোট অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো মুরগি বাজারে আসছে না। তার ওপর ঈদ সামনে থাকায় চাহিদা বেড়েছে, ফলে দামও বেড়েছে।

মুরগির পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দামও। বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজি প্রতি ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ঈদ ঘনিয়ে আসায় মাংসের চাহিদা কিছুটা বাড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

অন্যদিকে সবজির বাজারে মিলেছে কিছুটা স্বস্তির খবর। চাহিদা কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে কাঁচা মরিচ এখন কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।

বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে অনেক ক্রেতা এখন শপিংয়ে ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে বাজারে ক্রেতা উপস্থিতি কমে গেছে।

সবজি বিক্রেতা আনিস বলেন, এখন বাজারে ক্রেতা কম। অনেকেই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, আবার অনেকেই ঢাকা ছাড়ছেন। এজন্য সবজির চাহিদা কমে গেছে। চাহিদা কম থাকায় দামও কিছুটা কমেছে।

এসএন 

মন্তব্য করুন