'কর্পূর'-এ কুণাল ঘোষের অভিনয়ে মুগ্ধ ঋতুপর্ণা!
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ১৩ মার্চ, ২০২৬
নতুন রাজনৈতিক থ্রিলার কর্পূর মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে এর অভিনয়শিল্পীদের উপস্থিতি ও গল্পের বিন্যাস। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ বাড়ছে, আর সেই আবহেই ছবিকে ঘিরে নিজের অভিজ্ঞতা খোলামেলা ভাবে তুলে ধরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর মতে, ছবির বিষয়বস্তু যেমন গভীর, তেমনই প্রতিটি চরিত্রের ভেতরে রয়েছে আলাদা টানাপড়েন, যা গল্পকে আরও শক্তিশালী করেছে।
এই ছবিতে তিনি এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যার জীবনজুড়ে রয়েছে ব্যক্তিগত সংকট, পেশাগত চাপ এবং সামাজিক বাস্তবতার দ্বন্দ্ব। একজন শিক্ষিত নারী, একদিকে সংসার, অন্যদিকে পেশা সবকিছুর মধ্যে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রামকে তিনি চরিত্রের কেন্দ্রে দেখেছেন। সেই কারণেই চরিত্রটি তাঁকে আকর্ষণ করেছে বলে জানান অভিনেত্রী।
ছবির সবচেয়ে বড় চমকের জায়গা হিসেবে ঋতুপর্ণা উল্লেখ করেছেন কুণাল ঘোষ-এর অভিনয়কে। তাঁর কথায়, কুণালের এত স্বাভাবিক অভিনয়ক্ষমতা আগে জানা ছিল না। একই মানুষের মধ্যে এত ভিন্ন অভিব্যক্তি ও উপস্থিতি তাঁকে সত্যিই বিস্মিত করেছে। তিনি মনে করেন, কুণাল কোনও চাপ তৈরি না করে খুব স্বাভাবিক ছন্দে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।

একইসঙ্গে প্রশংসা করেছেন ব্রাত্য বসু-র কাজেরও। দীর্ঘদিনের অভিজ্ঞ এই শিল্পীর অভিনয় একটি দৃশ্যকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য শিল্পীদের কাজেও সন্তুষ্ট ঋতুপর্ণা।
ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। ঋতুপর্ণার মতে, পরিচালক গল্পটিকে এমনভাবে নির্মাণ করেছেন যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট থাকলেও মানবিক সংকটই সামনে এসেছে বেশি। বহু চরিত্রের ভেতর দিয়ে এক বড় বাস্তবতার স্তর ধীরে ধীরে উঠে এসেছে।
রাজনীতি নিয়ে প্রশ্ন উঠলেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, রাজনীতি তাঁর নিজের ক্ষেত্র নয়; বরং জীবনের ধাক্কা, ব্যর্থতা আর উঠে দাঁড়ানোর অভিজ্ঞতাই তাঁকে বেশি গড়েছে। সেই অভিজ্ঞতাই অভিনয়ে কাজে লাগে।
আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। একই সময়ে অন্য বড় ছবিও প্রেক্ষাগৃহে এলেও ঋতুপর্ণা সেনগুপ্ত আশাবাদী, শক্তিশালী বিষয়বস্তুর জন্য দর্শক কর্পূর-কে গ্রহণ করবেন।
পিআর/টিকে