ইরানের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই / '২টি হামলা থেকে বেঁচে গেছেন খামেনি জুনিয়র'
ছবি: সংগৃহীত
১১:২৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের এক সংসদ সদস্য বলেছেন, দেশটির নতুন নেতা মুজতাবা খামেনি সাম্প্রতিক দিনগুলোতে হওয়া দুটি হামলা থেকে বেঁচে গেছেন। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
জাহরোম এলাকার প্রতিনিধি সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচি জানান, সর্বোচ্চ নেতার বাসভবনে হামলার সময় মুজতাবা জুনিয়র সেখানে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি-এর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে অল্পের জন্য রক্ষা পান।
রেজাই কৌচি আরও বলেন, আরেকটি পৃথক হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে তিনি দাবি করেন 'ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা' উপস্থিত ছিলেন।
তার মতে, এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তবে তিনি হাসপাতালের নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য দেননি।
উল্লেখ্য, মুজতাবা খামেনি, গত বৃহস্পতিবার, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম বার্তা প্রকাশ করেন। তবে প্রায় এক সপ্তাহ আগে নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, যা তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা সৃষ্টি করেছে।
আইকে/টিএ