© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

শেয়ার করুন:
জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ এএম | ১৪ মার্চ, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমি কোনো আত্মীয়স্বজন চিনি না, আমি কোনো নেতাকর্মীও চিনি না।

তিনি বলেন, এখানে আমার সবচেয়ে বড় আপনজন হলো আমার সামনে থাকা মানুষ, আমার এলাকার মানুষ, আমার সাধারণ মানুষ। আমার সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয়, তাহলে পরিবার-পরিজন, নেতা-কর্মী সব ত্যাগ করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলের আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দার তালমা, ডাঙ্গি ও রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেন, নগরকান্দাবাসী, সালথাবাসী আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হয়, তাহলে সব লোভ-লালসা এবং সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

শামা ওবায়েদ বলেন, আপনারা ইতোমধ্যে আমার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেই চিঠিটি প্রত্যেকটি সরকারি দপ্তরে গেছে। সেই চিঠিতে লেখা আছে, আমার নাম ব্যবহার করে, আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দেবেন না। এটা আমি আজকে সাবধান করে দিলাম। দয়া করে সকল অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের পর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন, গতকাল ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র সংসদ এতদিন অকার্যকর অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের সংসদ আবার কার্যকর হয়েছে। ইনশাআল্লাহ, এই পবিত্র পার্লামেন্ট, পবিত্র জাতীয় সংসদ বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন