© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২

শেয়ার করুন:
রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ এএম | ১৪ মার্চ, ২০২৬
কয়েক দিনের ভাপসা গরমের পর গতকাল শুক্রবার ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। একই দিন নেত্রকোনার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজন রাজমিস্ত্রি ও একজন কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। দমকা ঝোড়ো হাওয়ার এ বৃষ্টি আধাঘণ্টা স্থায়ী ছিল এবং ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েক জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেতের কথা জানানো হয়। গতকাল সারা দেশে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। একই সঙ্গে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার, যা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। গতকাল সন্ধ্যায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

এদিকে নেত্রকোনায় গতকাল বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫) ও খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গতকাল সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এক পর্যায়ে ধানক্ষেতের পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের কৃষক সুদিন সরকার সকালে নিজ বাড়ির সামনে হাওরে গরু নিয়ে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের কৃষকরা তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন