সীমান্তে নীল প্লাস্টিকের বস্তায় মিলল প্রায় ৪ লাখ পিস ইয়াবা
ছবি: সংগৃহীত
০৮:৩০ এএম | ১৪ মার্চ, ২০২৬
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া নীল প্লাস্টিকের বস্তায় মিলল ৩ লাখ ৮০ হাজার ইয়াবা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদ পায় বিজিবি। তার প্রেক্ষিতে শুক্রবার দুপুর ২টার দিকে বিজিবির বিশেষ টহল দল উখিয়ার পালংখালী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায় বিজিবি। এসময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা তাদের হাতে থাকা ২টি বস্তা ফেলে দ্রুত দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়।
আর ওই স্থানে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে বিজিবি। দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। আর কাউকে আটক করাও সম্ভব হয়নি।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/টিএ