ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আজ, কে পাবেন কত?
ছবি: সংগৃহীত
০৯:১৫ এএম | ১৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আগেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য পরীক্ষামূলকভাবে মাসিক সম্মানী কার্যক্রম চাল করছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সম্মানী কার্যক্রম উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, এই পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম পাবেন ২ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা। তা থেকে পুরোহিত ৫ হাজার টাকা ও সেবায়েত ৩ হাজার টাকা করে পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, এ থেকে বিহারের অধ্যক্ষ ৫ হাজার টাকা ও উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।
এছাড়া প্রতিটি চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা। সেই টাকা থেকে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা। আর সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন।
এর বাইরে প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ক্ষেত্রে ১ হাজার টাকা করে বছরে ২ বার এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে ২ হাজার টাকা করে বোনাস দেয়া হবে। তবে যেসব মসজিদ সরকারি ও দেশি বা বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে।
কেএন/টিএ