রীতি থাকলেও প্রথম দিনই ওয়াক আউট করা ঠিক হয়নি: স্পিকার
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ১৪ মার্চ, ২০২৬
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে, যাতে তাঁরা সরকারের সমালোচনা করতে পারেন। এ জন্য তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন আর যেন দেশে কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে তিনি ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।
তিনি আরো বলেন, ‘সংসদে বিরোধী দল প্রথম দিনেই ওয়াক আউট করেছে, যদিও সেটা তাদের বিষয়। তবে এটি না করলেই ভালো হতো।
সংসদে সরকার ও বিরোধী দল উভয়ের প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব, আগামী দিনে বিরোধী দল সরকারের সব কর্মকাণ্ডের গঠনমূলক সহযোগিতা করবে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আমরা আশা করি, বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের সব ধরনের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁরা সকাল সাড়ে ১০টার আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
কেএন/টিএ