বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে : এমপি হানজালা
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ১৪ মার্চ, ২০২৬
মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে। আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন। আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই।
শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য হানজালা বলেন, আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়, আমি শান্তি চাই।
আমি শিবচরের প্রতিটি দলের সদস্যদের নিয়ে কাজ করতে চাই। আসুন ভালোবাসা ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তিনি বলেন, আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না।
আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।
হানজালা আরো বলেন, আমরা কোনো নেতা নিয়ে চলিনি, আমরা সাধারণ কর্মী নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছি। আমি শিবচরে ৩৫ বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এ বিজয় কোনো টাকা-পয়সার মাধ্যমেই অর্জন করা যায়নি, আপনাদের ভালোবাসার মাধ্যমেই এ বিজয় অর্জন হয়েছে।
আমাকে পরাজিত করার জন্য সব বড় দল একত্রিত হয়েছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি বিজয় অর্জন করেছি।
ইফতার ও দোয়া মাহফিলে জোটের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ (রহ) এর সপ্তম পুরুষ মাও. জিয়াউদ্দিন আহমাদ ত্বহা, বাংলাদেশ জামায়েতে ইসলামীর পৌরসভার আমির বেলায়েত হোসেন প্রমুখ।
এমআই/টিকে