সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত
০৫:৪৬ পিএম | ১৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার, সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত।
এ ছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি সই করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সকল সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টদের পত্র দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে।
পনামার অপারেশন ম্যানেজার বলেন, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড,পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
এমআর/টিকে