© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থতা কাটিয়ে বাসায় ফিরলেন তানজীব সারোয়ার গায়ক

শেয়ার করুন:
অসুস্থতা কাটিয়ে বাসায় ফিরলেন তানজীব সারোয়ার গায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১৪ মার্চ, ২০২৬

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী তানজীব সারোয়ার-কে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন-এমন খবরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছেন শিল্পীর পরিবার।


শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তানজীব সারোয়ার জানান, অসুস্থতা কাটিয়ে তিনি এখন বাসায় ফিরেছেন।
 
তিনি লেখেন, “সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছু দিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।



এর আগে গায়কের ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে এক ফেসবুক পোস্টে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী সাবা সানজিদা রহমান।

তিনি জানান, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তানজীব সারোয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরকে গুজব বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বানও জানান।

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান তানজীব সারোয়ার। গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

আরআই/টিকে

মন্তব্য করুন