© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বরিশালে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ এএম | ১৫ মার্চ, ২০২৬
বরিশালের উজিরপুরে ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা মনির সরদার ও তার সহযোগীরা স্থানীয় এক ড্রেজার ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বালু ভরাটের কাজ নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার শর্তে গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে তাদের ১ লাখ টাকা প্রদান করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত বাকি টাকার জন্য গত ১৩ মার্চ কাজ চলাকালীন অভিযুক্তরা শ্রমিক আবু বকর হাওলাদারকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর হাতুড়ি দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মনির সরদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার (১৩ মার্চ) মামলাটি দায়ের হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়। মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন