সোমবার নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:২৯ এএম | ১৫ মার্চ, ২০২৬
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলা শহরের ফরিদপুর গোরস্তানে নানা, নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
সোমবার কাহারোল উপজেলার বলামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখান থেকেই দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি।
এরপর ওই দিন প্রধানমন্ত্রী নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট) ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর কবর জিয়ারতকে সমানে রেখে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন, সীমানাপ্রাচীরসহ প্রধান গেট ও কবরগুলো ধোয়ামোছা করে রং করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন।
পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে অবস্থান নিয়েছে।
ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুরে আসছেন। তাঁর প্রিয় নানা, নানি, খালাসহ নিকটাত্মীয় ফরিদপুর গোরস্তানে শায়িত আছেন। প্রধানমন্ত্রী ওই দিন প্রিয়জনদের কবর জিয়ারত করবেন।
ওই দিন গোরস্তানে কোরআন খতম দেওয়া হবে। এ ছাড়া গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন, সীমানাপ্রাচীরসহ প্রধান গেট ও কবরগুলো ধোয়ামোছা করে রং করার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন। নিরাপত্তা জোরদার করেছেন।’
টিজে/টিএ