এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
০৪:২৯ এএম | ১৫ মার্চ, ২০২৬
ঢাকা-১৩ আসনে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ডি-ব্লক মাঠে ‘ঢাকা-১৩ আসনের ঐক্যবদ্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রতি মাসে একটি করে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে নাগরিকরা সরাসরি এসে তাকে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। রমজান মাসের কারণে মার্চ মাসে এ আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি জানান, আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সূচনা কমিউনিটি সেন্টারে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে এলাকার নাগরিকরা সরাসরি তাদের সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরতে পারবেন। পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকার পুলিশ সদস্যদের সহায়তার জন্য স্থানীয়ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীকে এতে স্বেচ্ছায় অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
এলাকাবাসীর সন্তান ও সেবক হিসেবে সবসময় তাদের পাশে আছেন এবং যেকোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যাবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩২নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লাল আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি।
এছড়াও মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আহম্মেদ মনির, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল, যুগ্ম আহ্বায়ক মীর কামাল। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সি. যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. জাহাংগীর, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ