© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদি হত্যা / কলকাতায় আসামীদের ‘কনস্যুলার অ্যাক্সেসের’ বিষয়টি এখনো প্রক্রিয়াধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
কলকাতায় আসামীদের ‘কনস্যুলার অ্যাক্সেসের’ বিষয়টি এখনো প্রক্রিয়াধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
কলকাতায় গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামি ও তার সহযোগীদের ফেরাতে ‘কনস্যুলার অ্যাক্সেসের’ বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় গ্রেপ্তার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামি ও তার সহযোগীদের কনস্যুলার অ্যাক্সেসের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে।

তিনি বলেন, যাদের ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে সরকার সর্ব ধরনের চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে। প্রথমে দু’জন গ্রেপ্তারের পর কনসুল্যার অ্যাক্সেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরও কনসুল্যার অ্যাক্সেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি, ভারত সহযোগিতা করবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির অংশ হিসেবে গত ১৭ বছরে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের জায়গা আমরা দেখে এসেছি। যে র‌্যাবকে মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, বিএনপি একটি মানবিক দল ও মানবিক সরকার গঠন করেছে। মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শক্তিশালী হয়, সে লক্ষ্যে সব কাজ বিএনপি বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে।

রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে, আমাদের কোনো জ্বালানির সংকট এই মুহূর্তে নেই। ভবিষ্যতের পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাংলাদেশিরা আসতে চাচ্ছেন বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। আর যারা আসতে পারছেন না, তাদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।

এসএন 

মন্তব্য করুন