© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, ১২ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, ১২ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ১৭ মার্চ, ২০২৬
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবকে কেন্দ্র করে একটি শপিং মলে ব্যাপক ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনাকাঙিক্ষত এই তাণ্ডবের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শপিং মলটির সামনে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে রিকশাচালকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে শপিং মলে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তারা মলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিক্ষুব্ধ রিকশাচালকেরা দাবি করেন ভেতরে একজনকে মেরে ফেলা হয়েছে, তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে রাতেই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং রিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। তবে আজ সোমবার (১৬ মার্চ) সকালেও ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এক রিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। তবে এরপর ওই রিকশাচালক সেখান থেকে চলে যান। হত্যার যে অভিযোগ তোলা হচ্ছে, সেটি সম্পূর্ণ গুজব।

ওসি আরও জানান, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছে। পাশাপাশি শপিং মলের মালিকপক্ষও আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন