© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদের প্রতিটি অধ্যায় আমরা ধারণ করি: আইনমন্ত্রী

শেয়ার করুন:
জুলাই সনদের প্রতিটি অধ্যায় আমরা ধারণ করি: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ এএম | ১৭ মার্চ, ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অধ্যায় সরকার ধারণ করে এবং তা ভালোভাবে যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি দলীয় পরিচয়ে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘যারা বলছেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, আমরা তাদের বলেছি, জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে, দেখে ও বুঝে বাস্তবায়ন করব। আমরা বায়ান্নকে ধারণ করি, একাত্তরের মুক্তিযুদ্ধ ধারণ করি, নব্বইয়ের গণঅভ্যুত্থান ধারণ করি। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সকল সহকর্মী জীবন দিয়েছেন, তাদের যেমন ধারণ করি; জুলাই সনদের প্রতিটি অধ্যায়ও আমরা সেভাবেই ধারণ করি।’
  
দলীয় পরিচয়ে অপরাধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'যদি দলের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকেন, তাহলে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। এ দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার ও আইনের সুশাসন নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আপনি বিএনপি করেছেন বা আমাদের ভোট দিয়েছেন, তাই বলে আপনাকে চাঁদাবাজি ও দুর্নীতি করার লাইসেন্স আমরা দিইনি।’
 
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এমআই/টিএ

মন্তব্য করুন