পাকিস্তান-আফগানিস্তানকে যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন ।
মঙ্গলবার (১৭ই মার্চ) তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দুই প্রতিবেশী রাষ্ট্র শুধু ভৌগোলিকভাবে নয়, অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ ভ্রাতৃপ্রতিম দেশ। কোনো সীমান্তরেখাই এই ভ্রাতৃত্বকে মুছে দিতে পারে না।
এই পবিত্র রমজান মাসে তিনি উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তার মতে, মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়।
তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। নিচে বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য তাঁর দেওয়া পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ। পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়; তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ দুই ভ্রাতৃপ্রতিম দেশ। কোনো সীমান্তরেখাই এই ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়। এই পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানাই।

আইকে/টিএ