মিলান ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল প্রিয়তি
ছবি: সংগৃহীত
০৪:৪৭ এএম | ১৮ মার্চ, ২০২৬
ইতালির ফ্যাশনের রাজধানী মিলানে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আসর মিলান ফ্যাশন উইক- এ অংশ নিয়েছেন আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক রানওয়ে মডেল মাকসুদা আখতার প্রিয়তি।
এই শোটি আয়োজন করে আন্তর্জাতিক ফ্যাশন শো প্রযোজনা প্রতিষ্ঠান প্রেসটিজ শো প্রোডাকশন (Prestige Show Production), যেখানে বিভিন্ন দেশের ডিজাইনারদের সৃজনশীল সংগ্রহ উপস্থাপিত হয়।
শোতে মাকসুদা আখতার রানওয়েতে উপস্থাপন করেন ডিজাইনার আলেক্সান্দ্রা ও ভ্লাদা ডিজিক ((Aleksandra and Vlada Dizik)- এর বিশেষ ফ্যাশন সৃষ্টি। তাদের ডিজাইনগুলো শিল্পকলা থেকে অনুপ্রাণিত- যেখানে পোশাককে শুধু পরিধানের উপকরণ নয়, বরং একধরনের পরিধেয় শিল্প (wearable art) হিসেবে উপস্থাপন করা হয়েছে। সৃজনশীল কাট, অভিনব টেক্সচার এবং শক্তিশালী রঙের ব্যবহারে তাদের সংগ্রহ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
মিলানের আন্তর্জাতিক রানওয়েতে আত্মবিশ্বাসী উপস্থিতি, শক্তিশালী ক্যাটওয়াক এবং অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে মাকসুদা আখতার ডিজাইনারদের শিল্পময় সৃষ্টিকে জীবন্ত করে তুলেছেন।

ফ্যাশন শোর এই মুহূর্তগুলোকে দক্ষতার সঙ্গে ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার ভিনসেন্ট ডেসমারে (Vincent Desmares), যার লেন্সে ধরা পড়ে শোর শিল্পসৌন্দর্য ও গতিময়তা।
বিশ্বের অন্যতম প্রভাবশালী ফ্যাশন মঞ্চ হিসেবে মিলান ফ্যাশন উইক প্রতি বছর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের সেরা ডিজাইনার, মডেল ও সৃজনশীল ব্যক্তিত্বদের একত্রিত করে, যেখানে নতুন ধারার ফ্যাশন ও শিল্পচিন্তার মিলন ঘটে।
প্রসঙ্গত, বাংলাদেশে জন্ম নেওয়া এবং বর্তমানে আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত মডেল মাকসুদা আখতার প্রিয়তি আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে তার উপস্থিতির মাধ্যমে বাংলাদেশি নারীদের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে চলেছেন।
এসকে/টিকে