হাতিরঝিলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
ছবি: সংগৃহীত
০২:২৮ এএম | ২১ মার্চ, ২০২৬
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রাব্বি (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রাব্বি স্থানীয় মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বি পঞ্চগড়ের ফুলতলা উপজেলার মো. ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারেরসঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে বসবাস করতেন।
নিহতের সহপাঠী মেহেদী হাসান জানান, আজ রাতের দিকে মধুবাগের মাদ্রাসা মাঠ দিয়ে যাওয়ার সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাব্বির বুকের বাম পাশে, পেটের ডান পাশে ও মাঝখানে গুরুতর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তারা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও রাব্বিকে আর বাঁচানো যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
আইকে/এসএন