© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটের মতো টেনিসেও চ্যালেঞ্জ করা যাবে আম্পায়ারের সিদ্ধান্ত

শেয়ার করুন:
ক্রিকেটের মতো টেনিসেও চ্যালেঞ্জ করা যাবে আম্পায়ারের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫০ পিএম | ২১ মার্চ, ২০২৬
সাধারণত ক্রিকেটে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত মনঃপুত না হলে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারেন খেলোয়াড়রা। এরপর তৃতীয় আম্পায়ারের মাধ্যমে ভিডিও রিপ্লে বিশ্লেষণ করে সিদ্ধান্ত পরিবর্তনেরও সুযোগ থাকে। তেমন প্রযুক্তিই এবার টেনিসেও দেখা যাবে। এবার ভিডিও রিভিউ প্রযুক্তি চালু করা হচ্ছে আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনে।

ওই প্রযুক্তির মাধ্যমে টেনিস খেলোয়াড়রা চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন, এই জানিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। যদিও এখানে কিছু সীমাবদ্ধতা থাকছে। গত বছর চালু করা হয়েছিল ইলেকট্রনিক লাইন কলিং পদ্ধতি (ইএলসি), যেখানে আসা সিদ্ধান্তের বিরুদ্ধে ভিডিও রিভিউ প্রযুক্তিতে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। ভিডিও রিভিউ ব্যবহার করা হবে অন্যান্য পরিস্থিতি যাচাই করতে, যেমন– বল দু’বার বাউন্স করেছে কি না কিংবা বল খেলোয়াড়ের র‍্যাকেট বা শরীরে লেগেছে সেটি দেখতে।

এদিকে, ইলেকট্রনিক লাইন কলিং হলো টেনিসের একটি আধুনিক প্রযুক্তি, যেখানে উচ্চগতির একাধিক ক্যামেরা (সাধারণত ১২-১৮টি) ব্যবহার করে বলের গতিপথ অনুসরণ করে তাৎক্ষণিকভাবে সেটি কোথায় পড়েছে তা নির্ধারণ করা হয়। এটি মানব লাইন বিচারকদের পরিবর্তে কাজ করে। এই প্রযুক্তি অত্যন্ত নির্ভুল ও নির্ভরযোগ্য ফলাফল দেয় এবং প্রায়শই বলের বাউন্সের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) চিত্রও তৈরি করতে পারে। ফলে সিদ্ধান্তে সামঞ্জস্য ও স্বচ্ছতা বজায় থাকে। ২০২৫ সাল থেকে সব এটিপি ট্যুর ইভেন্ট এবং উইম্বলডনে এটি নিয়মিতভাবে ব্যবহার করা হচ্ছে।

নতুন করে চালু হতে যাওয়া ভিডিও রিভিউ প্রযুক্তি নিয়ে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড়রা চেয়ার আম্পায়ারের নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত (যেমন ‘নট-আপ’, ‘ফাউল শট’ বা ‘টাচ’) রিভিউ করতে পারবেন। কোনো পয়েন্ট শেষ হওয়ার মতো সিদ্ধান্তে, যখন খেলোয়াড় সঙ্গে সঙ্গে খেলা থামাবেন অথবা পয়েন্ট শেষ হওয়ার পরপরই (হাইন্ড্রেন্সের ক্ষেত্রে) এই রিভিউ চাওয়া যাবে। রিভিউয়ের সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

ভিডিও রিভিউ প্রথমে ছয়টি শো কোর্টে চালু হবে, যার মধ্যে সেন্টার কোর্ট ও কোর্ট ওয়ান অন্তর্ভুক্ত। পাশাপাশি, ইলেকট্রনিক লাইন কলিংয়ের জন্য ভিজ্যুয়াল নির্দেশনাও চালু করা হবে, যেখানে সব কোর্টের স্কোরবোর্ডে ‘আউট’ ও ‘ফল্ট’ দেখানো হবে। চলতি বছরের উইম্বলডন শুরু হবে আগামী ২৯ জুন।

টিকে/

মন্তব্য করুন