জাতীয় দলে অনেক কিছুতে পরিবর্তন এসেছে: বিশ্বনাথ ঘোষ
ছবি: সংগৃহীত
১১:২৭ পিএম | ২৩ মার্চ, ২০২৬
বছর দেড়েক আগেও বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে বিশ্বনাথ ঘোষের নাম আসত সবার আগে। ইনজুরি তাকে জাতীয় দল তো বটেই, ফুটবল থেকে ছিটকে দিয়েছিল এক বছরের বেশি সময়। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে বিশ্বনাথ এখন জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। প্রাথমিক দলের পর এখন চূড়ান্ত স্কোয়াডে ভিয়েতনামে দলের সঙ্গে অনুশীলন করছেন।
ভিয়েতনামে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। বাফুফে মিডিয়া বিভাগ থেকে ভিয়েতনাম থেকে বিশ্বনাথের বার্তা দিয়েছে। হামজা-শামিত আসার পর বিশ্বনাথ জাতীয় দলে এবারই প্রথম। তাই তার কাছে খানিকটা ভিন্নতা লাগছে, ‘জাতীয় দলে অনেক কিছুতে পরিবর্তন এসেছে। এখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। হামজা-শমিত ভাইরা বড়মাপের খেলোয়াড়। তাদের সঙ্গে অনুশীলনটা উপভোগ করছি। অনেক কিছু শিখছি। যদিও হামজা ভাই এখনও আসেনি। শমিত দা অনুশীলনের বাইরে কী করেন সেটাও দেখছি।’

অনুশীলন উপভোগ করলেও মূল চ্যালেঞ্জটা বিশ্বনাথের একাদশে জায়গা ফিরে পাওয়া নিয়ে। সেটা তিনি পেতে পরিশ্রম করছেন, ‘নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে টিকে থাকাই লক্ষ্য। অনেক দিন পর ফিরছি। দলের জন্য ভালো খেলতে চাই।’
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় দিনের মত ভিয়েতনামের ন্যাশনাল ইয়ুথ ট্রেনিং সেন্টারে ঘণ্টাখানেক অনুশীলন করেছে।
ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন ফুটবলাররা। আজকের অনুশীলনে গুরুত্ব পেয়েছে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলো। ওয়ার্ম-আপ ও স্ট্রেচিং শেষে হেডকোচ হাভিয়ের কাবরেরা ফুটবলারদের নিয়ে বিভিন্ন কৌশলগত অনুশীলন করান। গতকালের তুলনায় আজ সময় এক ঘণ্টা এগিয়ে এনে স্থানীয় সময় বিকাল ৫টায় অনুশীলন অনুষ্ঠিত হয়।
আগামীকাল বিকেলে ইংল্যান্ড থেকে হামজার ভিয়েতনামে আসার কথা রয়েছে। হামজা আগামীকাল অনুশীলন সেশনে যোগ দেবেন না বিশ্রাম নেবেন সেটা এখনো নিশ্চিত নয়।
এমআই/টিএ