চকরিয়ায় ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ছবি: সংগৃহীত
০২:৩৯ এএম | ২৪ মার্চ, ২০২৬
কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে এই ঘটনা ঘটে। রূপণ হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে, এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন মোফাজ্জল হোসেন নামে আরও এক পুলিশ কর্মকর্তা। তবে চকরিয়া থানার ওসি মনির হোসেন হামলার কথা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামলার কোন ঘটনা তারা জানতে পারেনি।
ঘটনাটি সামনে আসার পর পরই প্রকৃত কারণ জানার চেষ্টা করা হয়। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয়। তিনি জানান, এসআই মোফাজ্জল ও এএসআই রূপণ দে হারবাং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করে। এসময় তাদের সঙ্গে কয়েকজন কনস্টেবলও ছিল। আটকের পর স্টেশনে জুনায়েদের পরনের বেল্ট ধরেছিলেন এএসআই রূপণ। ওই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এএসআই রূপণ। সঙ্গে সঙ্গে নাকে-মুখে ফেনা বের হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এসআই মোফাজ্জল।
ওই প্রত্যক্ষদর্শী দাবি করেন, সেখানে তারা হামলার কোন ঘটনা দেখেননি। তবে এর আগে কোন ঘটনা ঘটেছে কিনা সেটি তারা জানেন না।
ওই প্রত্যক্ষদর্শীর বর্ণনার সঙ্গে মিলে যায় হাসপাতালে ওসির দেয়া বর্ণনার। তিনি জানান, স্টেশনে ডিউরিরত অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন।
এদিকে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিনহাজুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছার আগেই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এসএস/টিএ