© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ পিএম | ২৫ মার্চ, ২০২৬
গ্রামে কুস্তি খেলার আয়োজন। আনন্দঘন মুহূর্ত রূপ নিল শোকে। কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অভিজ্ঞ খেলোয়াড়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, স্তব্ধ হয়ে গেছেন সবাই।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে।

 নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫৩), যিনি স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের এই মানুষটি পেশায় ছিলেন এক সাধারণ মুদি দোকানদার-কিন্তু কুস্তির ময়দানে ছিলেন এক পরিচিত মুখ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়-রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান।

 ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই মুহূর্ত। হঠাৎ নিথর হয়ে যান হেলাল। নড়াচড়া বন্ধ হয়ে যায়, থেমে যায় লড়াই।

প্রথমে অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা, দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক আর অশ্রু।

স্থানীয়দের মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

 দ্বিতীয় দিনের খেলাতেই এমন ঘটনা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়। কয়েক শ’ দর্শকের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য কেউই সহজে ভুলতে পারছেন না।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কেএন/এসএন


মন্তব্য করুন