© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রেন টিউমারে চিকিৎসাধীন লন্ডনে, ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা কী?

শেয়ার করুন:
ব্রেন টিউমারে চিকিৎসাধীন লন্ডনে, ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা কী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ২৫ মার্চ, ২০২৬
বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় নায়ক, সমাজসেবক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের মুখ ইলিয়াস কাঞ্চন—বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গেল বছর পাড়ি জমান যুক্তরাজ্যে, সেখানে ওই বছরের ৫ আগস্ট দেশটির উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। বর্তমানে এই অভিনেতা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যায়।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা ওঠানামা করলেও বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। নিয়মিত চেকআপ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তার সুস্থতার চেষ্টা চলছে।

এদিকে ঈদুল ফিতরে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি সামাজিকযোগামাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তরা ইলিয়াস কাঞ্চনের ওই ছবি দেখেই মনে করছেন প্রিয় অভিনেতা বেশ সুস্থ আছেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।

বাংলা চলচ্চিত্রে আশির ও নব্বইয়ের দশকে দাপুটে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ইলিয়াস কাঞ্চন। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন জনপ্রিয়তার শীর্ষে থাকা এক তারকা। রোমান্টিক, অ্যাকশন কিংবা সামাজিক-সব ধরনের চরিত্রেই তিনি ছিলেন সাবলীল।



তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও ইলিয়াস কাঞ্চনের পরিচিতি ব্যাপক। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর তার জীবনের মোড় ঘুরে যায়। সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন।

দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দেশজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরিতে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় সরকার ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করে তিনি এই আন্দোলনকে আরও বেগবান করেছেন।

বর্তমানে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন, দোয়া চাচ্ছেন।

চিকিৎসকদের পক্ষ থেকেও ইতিবাচক আশার কথা জানানো হয়েছে। সঠিক চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি-এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআই/টিকে

মন্তব্য করুন