© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলের চেয়ে কম পারিশ্রমিকে আইপিএলে গেলেন জনসন

শেয়ার করুন:
পিএসএলের চেয়ে কম পারিশ্রমিকে আইপিএলে গেলেন জনসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
পিএসএলে বেশি টাকা। আইপিএলে কম। তবুও শেষ পর্যন্ত গন্তব্য বদলে ফেললেন স্পেনসার জনসন। ঘটনাটা একটু অদ্ভুত লাগতেই পারে। তবে ক্রিকেটের দুনিয়ায় এমন সিদ্ধান্ত এখন নতুন কিছু না।

অস্ট্রেলিয়ার এই পেসারকে শুরুতে দলে নিয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস। চুক্তির অঙ্কটা ছিল প্রায় ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানা রুপি। ডলারে ধরলে প্রায় ২ লাখের কাছাকাছি। টি-টোয়েন্টি লিগ হিসেবে এটা বেশ ভালো অঙ্কই বলা যায়।



কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সরে দাঁড়ান তিনি। কোয়েটা ফ্র্যাঞ্চাইজি তখন জানায়, পুরো মৌসুমে তাকে পাওয়া যাবে না বলেই ছেড়ে দেওয়া হয়েছে। মানে, শুরু থেকেই একটা অনিশ্চয়তা ছিল।

এই জায়গা থেকেই গল্পটা মোড় নেয়। পিএসএল ছেড়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই আইপিএলে নাম লেখান স্পেনসার। তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে এখানে চুক্তির অঙ্কটা আগের চেয়ে কম। প্রায় ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। ডলারে হিসাব করলে প্রায় ১ লাখ ৬০ হাজারের মতো।
অর্থাৎ, সরাসরি তুলনা করলে পিএসএলের চেয়ে কম পারিশ্রমিকে আইপিএলে খেলতে যাচ্ছেন তিনি। চেন্নাই দলে স্পেনসারকে নেওয়া হয়েছে বদলি হিসেবে। চোট পেয়েছেন নাথান এলিস। তাকে আগেই ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজি, প্রায় ২ লাখ ১৫ হাজার ডলারের মতো চুক্তিতে। সেই জায়গাতেই এখন ঢুকছেন স্পেনসার।

তবে আইপিএল বা চেন্নাই কেউই এখনো পরিষ্কার করে বলেনি, পুরো মৌসুমে স্পেনসারকে পাওয়া যাবে কি না। এই নীরবতাই তৈরি করছে নতুন প্রশ্ন।

কারণ, তার চুক্তির অঙ্কটা শুধু পিএসএলের চেয়ে কম না। যাকে তিনি রিপ্লেস করছেন, তার চেয়েও কম। এই বিষয়টা অনেক কিছু ইঙ্গিত দেয়।
সাধারণত পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না এমন ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো কম অঙ্কে চুক্তি করে। এখানেও সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবুও আইপিএল বেছে নেওয়ার সিদ্ধান্তটা খুব একটা অবাক করার মতো না। কারণ গত কয়েক বছরে একটা ট্রেন্ড পরিষ্কার- অনেক ক্রিকেটারই টাকার অঙ্ক একটু কম হলেও আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। কারণটা সহজ। এখানে পারফর্ম করতে পারলে সুযোগ বাড়ে। জাতীয় দলে ফেরার রাস্তা খোলে। বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আসা যায়।

স্পেনসারের ক্ষেত্রেও হয়তো সেই হিসাবটাই কাজ করেছে। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, এখনও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকাপোক্ত হয়নি। তাই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আরআই/এসএন

মন্তব্য করুন