গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৩:২৭ পিএম | ২৬ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগিয়ে যেতে চাইলে জনগণ তা মেনে নেবে না। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে ইতিহাসের ধারাবাহিকতায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে সরকার গঠন করেছে, এমন অনেকেই মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে। দীর্ঘ ১৭ বছরের দমনপীড়নের পর জনগণের রায়ের বিরুদ্ধে শাসন কায়েমের চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা জনগণের আন্দোলনের মুখে টেকেনি।
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, এখনো যদি গণরায় ও গণভোটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় এবং তা উপেক্ষা করে সরকার এগিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদেরকে বলতে চাই যে অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবাররা দেখেছে, যেই বাবা-মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না।’
তিনি আরও বলেন, ‘সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে।’
ইউটি/টিএ