© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবেক অগ্নিহোত্রীর নতুন ধামাকা 'অপারেশন সিঁদুর'!

শেয়ার করুন:
বিবেক অগ্নিহোত্রীর নতুন ধামাকা 'অপারেশন সিঁদুর'!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ পিএম | ২৬ মার্চ, ২০২৬
বাস্তব ঘটনার ভিত্তিতে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়কে পর্দায় তুলে ধরার জন্য পরিচিত বিবেক অগ্নিহোত্রী এবার নতুন একটি প্রকল্প নিয়ে আলোচনায়। তাঁর পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘অপারেশন সিঁদুর’ যার বিষয়বস্তু গড়ে উঠছে সাম্প্রতিক সামরিক অভিযানের পটভূমিতে। ইতিমধ্যেই ছবিটি ঘিরে বলিউডে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ নির্মাতার নামের সঙ্গে জুড়ে আছে বিতর্ক, গবেষণানির্ভর নির্মাণ এবং সমসাময়িক ইতিহাসকে বড় পর্দায় আনার অভ্যাস।

এই ছবির প্রযোজনায় যুক্ত হয়েছেন ভূষণ কুমার। জানা গেছে, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এবং বিবেকের নিজস্ব প্রযোজনা সংস্থা যৌথভাবে ছবিটি নির্মাণ করবে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি শুধু একটি সামরিক ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং এর ভেতরে থাকবে কৌশল, সিদ্ধান্ত, আত্মত্যাগ এবং ঘটনার অন্দরকাহিনি।



ছবির কাহিনির ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলনের লেখা একটি বই, যেখানে অভিযানের অপ্রকাশিত নানা দিক তুলে ধরা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, ছবিতে শুধু সামরিক উত্তেজনা নয়, নেপথ্যের সিদ্ধান্ত ও ঘটনাপ্রবাহও গুরুত্ব পাবে।

বিবেক আগেও বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত একাধিক ছবি করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন এই ছবিকেও অনেকে তাঁর পরিচিত নির্মাণশৈলীর সম্প্রসারণ বলেই দেখছেন। যদিও অভিনয়শিল্পী কারা থাকবেন, শুটিং কবে শুরু হবে বা মুক্তির সম্ভাব্য সময় এসব বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

ছবির ঘোষণা সামনে আসতেই সামাজিক মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, সমসাময়িক ঘটনাকে দ্রুত পর্দায় আনার এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দেবে, আবার কেউ প্রশ্ন তুলছেন এত সংবেদনশীল বিষয় কতটা সতর্কতার সঙ্গে তুলে ধরা হবে।

পিআর/এসএন

মন্তব্য করুন