পরিচিত বলিউড ধারার বাইরে আনুশকা, সঙ্গী আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
দীর্ঘ আট বছরের নীরবতা ভেঙে অবশেষে রুপালি পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তবে এই প্রত্যাবর্তন যেন একেবারেই ভিন্ন মেজাজে। পরিচিত বলিউড ধারার বাইরে তিনি এবার দক্ষিণী সিনেমায় পা রাখছেন।
আনুশকাকে রুপালি পর্দায় ফিরিয়ে আনছেন দক্ষিণী সিনেমার অন্যতম সফল নির্মাতা অ্যাটলি। এই প্রজেক্ট যেন উপহার দিতে চলেছে এক তারকার মিলনমেলা। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে আসছেন আনুশকা ও আল্লু অর্জুন।
ছবিটি নির্মাণ করা হচ্ছে বিশাল বাজেটের সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানায়। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাদের পদচারণায় ভরপুর থাকবে, তার প্রমাণ পাওয়া গেছে ইতোমধ্যেই।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমায় আল্লু অর্জুনকে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। আর আনুশকার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে আসছেন বলিউডের একাধিক শীর্ষ অভিনেত্রী। তালিকায় আছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। ফলে এটি যেন দক্ষিণ-উত্তরের সীমানা মুছে ফেলা এক বিরল তারকা সমাবেশ।

২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর নিজেকে সিনেমা থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন আনুশকা। তারপর থেকে তিনি সময় দিয়েছেন ব্যক্তিগত জীবন, সংসার এবং মাতৃত্বকে। এর মধ্যে ‘চাকদা এক্সপ্রেস’ নামে ভারতীয় নারী হকি কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিকেও কাজ করেছেন তিনি, সেটি মুক্তির অপেক্ষায়।
প্রায় আট বছর পর বড়পর্দায় আনুশকার এই প্রত্যাবর্তন প্রসঙ্গে চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশ বলছেন, দক্ষিণী সিনেমার এই মেগা প্রজেক্টটি তাঁর ক্যারিয়ারের জন্য ‘গেম চেঞ্জার’ হতে পারে। বলিউডের বাইরে পা রেখে একেবারে ভিন্ন ঘরানার এই সিনেমা, অ্যাটলির মতো পরিচালক, আল্লু অর্জুনের মতো তারকা এবং বলিউডের শীর্ষ অভিনেত্রীদের উপস্থিতি–সব মিলিয়ে এই ছবি আনুশকার ক্যারিয়ারকে নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
পিআর/এসএন