বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত?
ছবি: সংগৃহীত
১০:১২ পিএম | ২৬ মার্চ, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন নিম্নমুখী। শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাবে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। এসবের ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকবে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। আর সে কারণেই সুববিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমছে।
বৃহস্পতিবার (২৬) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৪৫০ দশমিক ৬৪ ডলারে নেমে আসে। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ২ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪৪৭ দশমিক ৬০ ডলারে।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উচ্চ সুদের হার এবং মূল্যস্ফীতির উদ্বেগ স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। তার ভাষায়, ‘সংঘাত অব্যাহত থাকলে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতি এবং সুদের হার কমার সম্ভাবনা দেখা দিলে দাম আবার ৫ হাজার ডলারের দিকে উঠতে পারে।’
অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির বিরুদ্ধে স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে উচ্চ সুদের হারের পরিবেশে এই মূল্যবান ধাতুর আকর্ষণ কমে যায়।
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে ৬৮ দশমিক ৬০ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনাম ৩ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৬০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে, আর প্যালাডিয়াম ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৬ দশমিক ৭৫ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএন