© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদ নিয়ে জামায়াত-এনসিপির মাঠ গরমের চেষ্টা সফল হবে না: প্রিন্স

শেয়ার করুন:
জুলাই সনদ নিয়ে জামায়াত-এনসিপির মাঠ গরমের চেষ্টা সফল হবে না: প্রিন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা মাঠে স্বাধীনতা দিবসের র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এমন মন্তব্য করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-এনসিপি জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে। বিএনপি জুলাই সনদকে অস্বিকার বা অবজ্ঞা করছে না , করবেও না। প্রথম থেকেই অমরা বলে আসছি -বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ আমরা ধারণ করি এবং বাস্তবায়ন করব। তাই এটি নিয়ে অপপ্রচার ও মাঠ গরম করার চেষ্টা মূলত ষড়যন্ত্রেরই অংশ।জামায়তের নেতারা বলছেন, আন্দোলনের পথ নাকি তাদের চেনা আছে। আমাদেরও  ষড়যন্ত্র মোকাবেলার পথ ভালোভাবেই জানা আছে।

তিনি বলেন, অর্থনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার গঠনের দেড় মাসের মধ্যে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এতে জামায়াত-এনসিপি জোটসহ স্বার্থান্বেষী মহলের গাত্রদাহ শুরু হয়েছে । নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা অতীতের আওয়ামী অপকৌশলের পুনরাবৃত্তি।

স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে জামায়ত আমীরের বক্তব্যের সমালোচনার জবাবে প্রিন্স বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগকে অসাংবিধানিক বলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। যে বিধানের আওতায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট  মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল, একই বিধান অনুযায়ী বর্তমান সরকারও নিয়োগ দিয়েছে। এটি শতভাগ বৈধ।বরং এই নিয়োগকে অবৈধ বলা আইনের প্রতি অবজ্ঞার শামিল।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় সিটি করপোরেশন ও জেলা পরিষদ স্তিমিত ও কার্যত অচল হয়ে পড়েছিল। জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এই প্রসাশক নিয়োগ নির্জীব হয়ে পড়া প্রতিষ্ঠানকে কার্যকর ও গণমুখী করে জনগণকে সেবা ডেয়ার উদ্যোগ । প্রিন্স জানান, “জনগণের সেবাকে কার্যকর করতে শিগগিরই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সমাবেশে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। ২৫ মার্চের কালরাতে বর্বরোচিত হামলার পর জাতি যখন দিকনির্দেশনার অপেক্ষায়, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সেনানিবাসে উই রিভল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তিতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। তার সেই সাহসী আহ্বান মুক্তিযুদ্ধকে সশস্ত্র প্রতিরোধে রূপ দেয় এবং দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন