© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পক্ষে যুদ্ধে নামতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ হুতিরা

শেয়ার করুন:
ইরানের পক্ষে যুদ্ধে নামতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ হুতিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ এএম | ২৭ মার্চ, ২০২৬
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

নাম প্রকাশে অনিচ্ছুক হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি বুঝতে পারবো।’ হুতির ওই নেতা আরও বলেন, তারা পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। কখন এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় সেটা সহজেই বুঝতে পারবেন।
 
হুতিরা এ যুদ্ধে যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালির পর আরেকটি জলপথেও হয়তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। সেটা হলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে।
 
এর আগে ইরান হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি খারগসহ ইরানের অন্যান্য দ্বীপগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ায়, তাহলে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিও অবরোধ করে দেয়া হবে।
 
আইআরজিসি’র এক ঊর্ধ্বতন সেনাকমান্ডার ফার্স নিউজকে বলেন, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্চ বা ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের পরিকল্পনা নেয়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বৃদ্ধি করে তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
 
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে বলে আইআরজিসির কর্মকর্তা জানান। এক্ষেত্রে হুতি নেতারা ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন