বুড়িচং সীমান্তে অভিযান, ৪ মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
০১:৪৫ এএম | ২৭ মার্চ, ২০২৬
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছিনাইয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথকভাবে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মীরপুর এলাকার মো. রুবেল (৩০), তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; ছোট হরিপুর গ্রামের স্বপন মিয়া (৪২), তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; ছিনাইয়া এলাকার মো. জীবন (২০), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; এবং গদানগর এলাকার মো. ফরহাদ হোসেন অপু (২৯), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের পুলিশ প্রহরায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’
আরআই/টিএ