আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
০২:২৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, আবুধাবিস্থ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে আগত প্রতিনিধিসহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যসহ আমিরাতে চলমান নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় কর্তৃপক্ষের বিধিবিধান অনুসরণ করে দূতাবাস এবারে সীমিত কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
দিনের শুরুতে সকলের উপস্থিতিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন এবং সকল দেশপ্রেমিক মানুষের অবদানকে স্মরণ করে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবদান রাখা বিদেশি বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
পরিশেষে, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ কামনা এবং নবনির্বাচিত সরকারের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের আরও সমৃদ্ধি, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরআই/টিএ