© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ফ্রান্সের জয়

শেয়ার করুন:
৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ফ্রান্সের জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ এএম | ২৭ মার্চ, ২০২৬
প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেলা ব্রাজিল দ্বিতীয়ার্ধে জেগে উঠল। কিন্তু ফিনিশিংয়ে ব‍্যর্থতায় ভুগল কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের দুটি চমৎকার ফিনিশিংয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স।

আন্তর্জাতিক প্রীতি ম‍্যাচে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল। প্রথমার্ধে এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান একিটিকে। ব্রাজিলের হয়ে জালের দেখা পান ডিফেন্ডার ব্রেহমেহ।



বস্টনে প্রথম সুযোগ পায় ব্রাজিল। পঞ্চম মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। তিন মিনিট পর ফরাসি ফরোয়ার্ড একিটিকের হেডও থাকেনি লক্ষ‍্যে।

বল দখলে বেশ এগিয়ে ছিল ফ্রান্স। আক্রমণও বেশি করছিল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ২৭তম মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে সুযোগ পান গাব্রিয়েল মার্তিনেল্লি। ডি বক্সের বাইরে থেকে তরুণ আর্সেনাল ফরোয়ার্ডের বাঁকানো শট যায় দূরের পোস্ট ঘেঁষে!

৩২তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নিলে পান উসমান দেম্বেলে। তার নিখুঁত রক্ষণচেরা পাস পেয়ে দ্রুত গতিতে এগিয়ে চমৎকার চিপ শটে জাল খুঁজে নেন এমবাপে। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এটি রেয়াল মাদ্রিদ তারকার ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় তার এক সময়ের সতীর্থ অলিভিয়ে জিরু।

প্রথমার্ধে ৩৫ শতাংশের একটু বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয় শট নিয়ে একটিও লক্ষ‍্যে রাখতে পারেনি ব্রাজিল। ফ্রান্সের পাঁচ শটের কেবল একটি ছিল লক্ষ‍্যে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে দারুণ শুরু করে ব্রাজিল। প্রথম পাঁচ মিনিটে পায় বেশ কয়েকটি সুযোগ। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ব্রাজিলের প্রবল আক্রমণের মধ‍্যেই ৫৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে বাজেভাবে ফাউল করেন দায়ত উপেমেকানো। শুরুতে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিতে পারেনি ব্রাজিল। একিটিকের নৈপুণ‍্যে ৬৫তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু বল ধরে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন একিটিকে। জাতীয় দলের হয়ে এটি লিভারপুল ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।

৭৮তম মিনিটে ব‍্যবধান কমান ব্রেহমে। সতীর্থের ফ্রি কিক বাইলাইন থেকে কাটব‍্যাক করেন কাসেমিরো। বল পেয়েই গোলের জন‍্য শট নেন লুইস এইহিক। মাঝ পথে পা বাড়িয়ে দিক পাল্টে ঠিকানা খুঁজে নেন ব্রেহমেহ। ব্রাজিলের হয়ে ইউভেন্তুস ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

বাকি সময়ে ফ্রান্সের রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। অন্তিম সময়ে ডি বক্সের বাইরে থেকে ব্রেহমেহের শটে একটুর জন‍্য পা ছোঁয়াতে পারেননি চিয়াগো ও ভিনিসিউস জুনিয়র। কেউ একজন সফল হলে হয়তো পাল্টে যেত ম‍্যাচের ফল। আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে ফ্রান্স। মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

আরআই/টিএ

মন্তব্য করুন