© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’

শেয়ার করুন:
‘ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ এএম | ২৭ মার্চ, ২০২৬
যারা ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ। তিনি বলেন, ফেরির পন্টুনগুলোতে রেলিংয়ের ব্যবস্থা করা হবে, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহ বলেন, ‘যা শুনেছি, গাড়িটি (বাস) ব্রেক ফেল করেছিল। সাধারণত গাড়িগুলো পন্টুনে আসার আগে থামে। এরপর সুবিধামতো ফেরিতে উঠে পড়ে। কিন্তু এ ঘটনার ক্ষেত্রে হয়েছে যে, হাসনাহেনা ফেরিটি প্রস্তুত ছিল না, কিন্তু তার আগেই গাড়িটির চালকের ভুলে (পন্টুনে) এসেছে। কারণ, ফেরিতে থাকা গাড়িগুলো আগে আনলোড হবে, এরপর নতুন করে (ফেরিতে) লোড হবে।

তিনি বলেন, ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামাতে হবে। এরপর শুধু চালক গাড়ি নিয়ে ফেরিতে উঠবে। এ ছাড়া পন্টুনগুলোতে রেলিংয়ের ব্যবস্থা এবং ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ১১ জন, ছেলেশিশু ৪টি এবং মেয়েশিশু ৩টি। ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয় যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, ফরিদপুর, মানিকগঞ্জের আরিচা এবং ঢাকা হেড কোয়ার্টারের পাঁচটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার অভিযানে অংশ নেন।

আরআই/টিএ

মন্তব্য করুন