© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

শেয়ার করুন:
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘৭১-এ যখন দেশ অভিভাবকশূন্য ছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, জাতীয় ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দেশ যখন নেতৃত্বশূন্য তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা জনযুদ্ধের সূচনা করেছিল। প্রকৃত ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে যার যতটুকু অবদান, তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাসের সত্য অনুসন্ধানের মাধ্যমেই একটি জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ স্বাগত বক্তৃতায় বলেন, আমাদের স্বাধীনতার মূলমন্ত্র রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং সব মত প্রকাশের স্বাধীনতা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত পরিবেশন করেন একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু।

সবশেষে নৃত্য পরিবেশন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।

সূত্র : বাসস। 

এমআই/এসএন

মন্তব্য করুন