ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে : এমপি বাবুল
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ভালো মানুষদের বেশি করে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে এলে তবেই খারাপ মানুষরা সরে যেতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদি মহল্লার চেয়ারম্যান বাড়িতে ‘অ্যাডভোকেট ছরোয়ারজান মিয়া ও আক্তারুজ্জামান মন্নু মিয়া স্মৃতি পরিষদ’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রয়াত অ্যাডভোকেট ছরোয়ারজান মিয়া ও তার পরিবার ভাঙ্গার একটি ঐতিহ্যবাহী পরিবার। তিনি এখানে বিএনপির গোড়াপত্তন করেছিলেন। আমরা সবাই মিলে সেটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আগামী প্রজন্ম এটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।
রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, একটি প্রজাপতি স্বল্প সময় বাঁচলেও রঙিন ছটা ছড়িয়ে যায়, কিন্তু দীর্ঘজীবী হয়েও অনেকেই কোনো ছাপ রাখতে পারে না। তেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ হিসেবে এসে ধূমকেতুর মতো উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি একটি শক্তিশালী জাতীয়তাবাদী দল গড়ে গেছেন, যার উপস্থিতি দেশের প্রতিটি জনপদে, এমনকি দেশের বাইরেও রয়েছে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি বাবুল বলেন, মাদকের কারণে আমাদের প্রজন্ম ধ্বংসের মুখে। শুধু পুলিশ বা সরকার একা এটি মোকাবিলা করতে পারবে না। মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খান, অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রোমিও, ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুজ্জামান মিয়া, মো. ওয়াহিদুজ্জামান মিয়া, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. মো. সাইফুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কেএন/এসএন