© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ জামালের কন্যার বিয়েতে ‘শুভেচ্ছা উপহার’ দিলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
শহীদ জামালের কন্যার বিয়েতে ‘শুভেচ্ছা উপহার’ দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ২৭ মার্চ, ২০২৬
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ উপহার হস্তান্তর করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা জানিয়ে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করা হয়।

এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনদের সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

কেএন/এসএন

মন্তব্য করুন