ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ছবি: সংগৃহীত
০৫:০০ পিএম | ২৭ মার্চ, ২০২৬
দেশের জ্বালানী তেলের চাহিদা মেটাতে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইনের মাধ্যমে তেল নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার অর্থাৎ ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছানোর লক্ষ্যে জ্বালানী তেল সরবরাহের কার্যক্রম শুরু করা হয়।
এর প্রায় ৬০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছে ডিজেল।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে।
ভারত থেকে এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। চলতি বছরে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হলো।
এসএন