পরিবহন ব্যবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মঞ্চ-২৪-এর
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে বাড়তে থাকা দুর্ঘটনা ও অব্যবস্থাপনার প্রতিবাদে পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়নের দাবি জানিয়েছে সংগঠন মঞ্চ-২৪। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই দেশের পরিবহন খাতে চরম অব্যবস্থাপনা ও অনিয়ম লক্ষ্য করা যায়। সড়ক, রেল ও নৌপথ—তিন ক্ষেত্রেই নিরাপত্তাহীনতা বাড়ছে, যা ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্বল তদারকির কারণে এসব সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
সম্প্রতি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৫০ জন যাত্রীর মধ্যে ৪০ জনের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পরও সরকার শোক প্রকাশ করেনি।” তিনি আরও অভিযোগ করেন, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব ‘মানবজীবনের অবমূল্যায়ন’।
মঞ্চ-২৪-এর আহ্বায়ক বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তিনি।
জ্বালানি তেলের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, পাম্প মালিকদের একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি বলেন, “দ্রুত সময়ের মধ্যে পরিবহন ব্যবস্থার দৃশ্যমান উন্নতি না হলে মঞ্চ-২৪ দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
উল্লেখ্য, এবারের ঈদের আগে ও পরে সড়ক, রেল ও নৌপথে বড় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ঈদযাত্রায় বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত ৩৪৩টি দুর্ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছেন বলে বাংলাদেশ টাইমসকে নিশ্চিত করেছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। এর মধ্যে আহত রয়েছেন হাজারের বেশি।
টিএ/