জুলাই বিপ্লবে পুলিশ হত্যার আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ২৭ মার্চ, ২০২৬
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সকল হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা জানিয়ে আইজিপি বলেন, ‘আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবি অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। রিগেইন করার জন্য সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে।’ এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা এক আমাদের নম্বর লক্ষ্য।’
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।
এসএস/টিএ