কক্সবাজারে পাচারের জন্য মজুদ ৩ হাজার লিটার এসিড জব্দ
ছবি: সংগৃহীত
০২:৩৬ এএম | ২৮ মার্চ, ২০২৬
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশনের একটি মার্কেটের গুদামে মজুদ করা ৩ হাজার লিটার দাহ্য পদার্থ এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়া থানার পুলিশ ও গোয়েন্দা কর্মীদের পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়।
প্রতিটি ৩০ লিটার করে ১০০ জেরিকেন ভর্তি ৩ হাজার লিটার এসিড মায়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাঠানোর জন্য মজুদ করে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ ও গোয়েন্দা কর্মীরা।
গোয়েন্দা কর্মীরা জানিয়েছেন, এসিড ভর্তি জেরিকেনে ‘হাইড্রোজেন পারক্সাইড, ৫০% (শিল্প গ্রেড); চিকিৎসা ব্যবহারের জন্য নয়; নেট ওজন : ৩৫ কেজি; উৎপাদনের দেশ : বাংলাদেশ; দাহ্য পদার্থের সংস্পর্শে আগুনে লাগার কারণ হতে পারে এবং গরম করলে বিস্ফোরণ ঘটতে পারে’ লেখা রয়েছে। সেই সঙ্গে লেখা রয়েছে ‘আল-রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড, চট্টগ্রাম’।
স্থানীয়রা জানিয়েছে, নাফনদ তীরের নিকটবর্তী পালংখালী ইউনিয়নের সীমান্ত এলাকাটি হচ্ছে রাখাইনে বাংলাদেশি পণ্য পাচারের অন্যতম প্রধান চোরাই পয়েন্ট। বাংলাদেশের দেশলাই থেকে শুরু করে জ্বালানি তেল ও খাবার তেলসহ নিত্যপণ্য প্রতিরাতে ওপারে দেদারসে পাচার হয়ে যাচ্ছে।
পালংখালী স্টেশনসহ বাজার থেকে এসব পণ্যের সঙ্গে মায়ানমারে পাচার হচ্ছে এসিডের মতো দাহ্য পদার্থ। আরাকান আর্মি এসব দাহ্য পদার্থ বোমা এবং মাইনসহ বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করতে বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে যায়। স্থানীয় সংঘবদ্ধ পাচারকারীর দল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এসব এনে গুদামে মজুদ করে। পরে সেখান থেকে পাচার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকায় অবস্থিত আলছমি মার্কেটের নিচতলায় একটি গুদামে অভিযান চালানো হয়। মার্কেটের মালিক হলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া।
গুদামটি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া গ্রামের আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তি ভাড়া নেয়। এসময় দোকান থেকে ১০০টি জেরিকেনে রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। আক্তার হোসেন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে দোকানটি তালাবদ্ধ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ও মার্কেটের মালিক মোহাম্মদ জাকারিয়ার জিম্মায় দেওয়া হয়।
ইউটি/টিএ