কুমিল্লায় বাস-সিএনজির ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত
০৫:৫১ এএম | ২৮ মার্চ, ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ঘাতক বাসটি সিএনজি অটোরিকশাকে পিষে দেয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতরে থাকা আব্দুল জলিল (৭০) ঘটনাস্থলেই মারা যান। আর মমতাজ বেগম (৪৫) একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় মারা যান।
নিহত মমতাজ বেগম দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের চাঁনগাজী বাড়ির মৃত. খোকন মিয়ার স্ত্রী।
জানা গেছে, শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় এ দুর্ঘটনায় একজন নিহত ও সিএনজিচালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে আরেকজন মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘কুমিল্লা থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী ‘নিউ সুগন্ধা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেবীদ্বারের জাফরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নামের সিএনজির এক যাত্রী নিহত হয়। আহতদের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতলে চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মমতাজ বেগমের মৃত্যু হয়।
আরও জানা যায়, দুর্ঘটনায় আহত অপর দুজন বর্তমানে কুমেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়ে পুুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান বলেন, নিহত বৃদ্ধ আব্দুল জলিলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত জলিলের ছেলে জালাল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। দুর্ঘটনায় আরো এক নারী নিহত হওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/টিএ