স্থল সেনা ছাড়াই ইরান জয়ের ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৭:৪৭ এএম | ২৮ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র স্থল সেনা মোতায়েন ছাড়াই সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, চলমান সামরিক অভিযান কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
শুক্রবার ফ্রান্সে জি-সেভেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুবিও বলেন, ইরানে সামরিক লক্ষ্য অর্জিত হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তিনি জানান, সংঘাত শেষে প্রণালিটি উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা চাইবে। হরমুজ প্রণালি বন্ধের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “এটি শুধু অবৈধই নয়, অগ্রহণযোগ্য। এটি বিশ্বের জন্য বিপজ্জনক।”
রুবিও আশঙ্কা প্রকাশ করেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপ করতে পারে। এ বিষয়ে বৈশ্বিক প্রস্তুতি থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, কার সঙ্গে আলোচনা হবে- সে বিষয়ে আরও স্পষ্টতার জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে।
এর আগে ইরানি গণমাধ্যম জানায়, দেশটির পার্লামেন্ট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে শুল্ক আদায়ের জন্য আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে।
এমআর/টিএ