টানা ১০ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ছবি: সংগৃহীত
১১:৪১ এএম | ২৮ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর বন্দরটিতে ফিরে এসেছে পুরনো কর্মচাঞ্চল্য।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এর আগে, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে এ দীর্ঘ ছুটির ঘোষণা দেয়া হয়েছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদের ছুটি উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। টানা ১০ দিন পর শনিবার থেকে উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে।
বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি।
এ বিষয়ে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, ঈদের ছুটির মধ্যেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সবসময়ই স্বাভাবিক ছিল।
অন্যদিকে, কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু দাফতরিক কাজ সীমিত পরিসরে চালু রাখা হয়েছিল।
এসএস/টিএ