ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবিতে ৫ ভারতীয় আহত
ছবি: সংগৃহীত
০৪:৫১ পিএম | ২৮ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার পর এর খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ৫ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) আবুধাবির খলিফা ইকোনমিক জোনস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, আবুধাবির খলিফা ইকোনমিক জোনস (কেজেডএডি)-এর আশপাশে এ ঘটনা ঘটে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ ওই এলাকায় আছড়ে পড়ে।
এতে আক্রান্ত ভারতীয় ৫ নাগরিকের আঘাতের মাত্রা 'মাঝারি থেকে সামান্য বলে জানানো হয়েছে। তবে আহতদের বর্তমান অবস্থা বা ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি ঘটনাটি ঠিক কখন ঘটেছে বা এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও কর্মকর্তারা নির্দিষ্ট করে কিছু জানাননি।
উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণকে শুধুমাত্র সরকারি ও যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করতে এবং কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে বিমান হামলা চালিয়ে আসছে। এ হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব পাল্টা হামলায় বিভিন্ন স্থানে হতাহত ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
এসকে/টিএ