© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মে মাসের আগে মাঠে ফিরছেন না বেন স্টোকস

শেয়ার করুন:
মে মাসের আগে মাঠে ফিরছেন না বেন স্টোকস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে মাঠের বাইরে রয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। গালে অস্ত্রোপচারের পর সুস্থ হতে আরও সময় লাগায় ঘরোয়া ক্রিকেটে ডারহামের হয়ে তার মাঠে ফেরা ফের পিছিয়ে গেছে। আগাসী মে মাসের আগে মাঠে ফেরা হচ্ছে না এই ইংলিশ অলরাউন্ডারের।

গত ফেব্রুয়ারির শুরুতে ডারহাম একাডেমির খেলোয়াড়দের সাথে নেটে অনুশীলনের সময় একটি বল সজোরে এসে আঘাত করে স্টোকসের মুখে। এতে গালের হাড় ভেঙে যায়। কোচ ক্যাম্পবেল বলেন, ‘বলটি এত জোরে লেগেছিল যে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। মাত্র কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলেই সেটি স্টোকসের চোখে লাগত। আমরা ভাগ্যবান যে তিনি বড় বিপদ থেকে বেঁচে গেছেন।’

প্রাথমিকভাবে আগামী সপ্তাহে কেন্টের বিপক্ষে ডারহামের হয়ে স্টোকসের মাঠে নামার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের কাছ থেকে এখনো সবুজ সংকেত না পাওয়ায় মে মাসের আগে তার ফেরার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগামী ৮ মে ওরচেস্টারশায়ার অথবা ১৫ মে কেন্টের বিপক্ষে ফিরতি ম্যাচে তিনি খেলতে পারেন। ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরুর আগে এগুলোই হবে তার একমাত্র লাল বলের প্রস্তুতি ম্যাচ।



অ্যাশেজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর গত তিন মাসকে নিজের অধিনায়কত্ব জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন স্টোকস। অ্যাশেজের শেষ দিকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়ায় তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তবে ব্রেন্ডন ম্যাককালাম এবং রবার্ট কি’র ওপর আস্থা রেখে স্টোকস জানিয়েছেন, তিনি ইংল্যান্ডকে আবারও বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন কোচ ক্যাম্পবেল। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপে ডারহামের হয়ে খেলার পরিকল্পনা করছেন স্টোকস। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ৫০ ওভারের ফরম্যাটে তাকে দেখা যায়নি। দ্য হান্ড্রেড থেকে বিরতি নেওয়ায় এই ওয়ানডে কাপের মাধ্যমেই তিনি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝের সময়টাতে নিজেকে ফিট রাখতে চান।

কেএন/টিএ

মন্তব্য করুন