আবারও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বড় আন্দোলনের ডাক
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ২৮ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বড় আকারে ‘নো কিংস’ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আয়োজকদের দাবি, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় শান্তিপূর্ণ আন্দোলনের নজির। দেশটির ৫০টি অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ৩,২০০-এর বেশি কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অভিবাসন নীতির কারণে মানুষের অসন্তোষ বাড়ছে।
‘৫০৫০১’ নামের সংগঠনের সমন্বয়ক সারা পার্কার বলেন, 'গ্যাস ও খাদ্যের দাম বাড়ছে, আর একই সঙ্গে ইরানে একটি অবৈধ যুদ্ধ চলছে। মানুষ এখন ক্ষুব্ধ।'
সম্প্রতি এক জরিপেও দেখা গেছে, অভিবাসন, ইরান ইস্যু এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে বেশিরভাগ ভোটার অসন্তুষ্ট।
এই আন্দোলনের পেছনে রয়েছে বিভিন্ন সংগঠন, যেমন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, পাবলিক সিটিজেন, মুভ অন ও ইন্ডিভিজিবল।
আয়োজকদের মতে, আগের দুই দফার চেয়েও এবারের আন্দোলন বড় হবে। এর আগে অক্টোবরের কর্মসূচিতে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল।
পাবলিক সিটিজেনের সহ-প্রধান লিসা গিলবার্ট বলেন, 'এটি কোনো দলীয় বিষয় নয়। এটি দেশপ্রেমের প্রশ্ন। আমেরিকায় কোনো রাজা নেই- এটাই আমরা বলতে চাই।'
এর আগে জুন মাসে ট্রাম্পের জন্মদিনে সামরিক কুচকাওয়াজ আয়োজনের প্রতিবাদে প্রথম 'নো কিংস' আন্দোলন শুরু হয়।
তখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো বিক্ষোভ হলে তা কঠোরভাবে দমন করা হবে।
তবে আয়োজকরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী এবং কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না।
এসকে/টিএ