© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

শেয়ার করুন:
ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে দেশটির একটি ডিপোকে নিশানা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (২৮ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। এতে ২১ জন ইউক্রেনীয় নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার পাশাপাশি ইউক্রেন সংশ্লিষ্ট একটি অ্যান্টি-ড্রোন সিস্টেমের গুদামও টার্গেট করা হয়। তিনি দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

মুখপাত্র জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ১৭টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। সেগুলো ইতোমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তিনি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী।

তিনি ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাত প্রসঙ্গে বলেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন করে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে।

শেখারচি দাবি করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে কেউ ইরানের ওপর হামলা চালালে পাল্টা আঘাত করে শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করা হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন